দেশের বাজারে এক দিনে সোনার দাম ভরিতে ১০ হাজার টাকা বৃদ্ধির ২৪ ঘণ্টা পর দাম কিছুটা কমেছে। আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই তথ্য নিশ্চিত করেছে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববাজারে সোনার দাম কমার পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এই দর সমন্বয় করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকের পর দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে বৈশ্বিক বাজারে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ২০০ ডলার বেড়ে যাওয়ার ফলে গতকাল বৃহস্পতিবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে ৩১ জুলাই সোনার দাম বেড়েছিল ২ হাজার ২১৬ টাকা।
নতুন মূল্য সমন্বয় অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা, যা আগের চেয়ে ৩ হাজার ২৬৬ টাকা কম। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা।
একইভাবে ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।
সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা এবং ২১ ক্যারেটের রুপার ভরি ৪ হাজার ৬৬৬ টাকা।