চট্টগ্রামের চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে আনুমানিক দুইটার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নওফেলের ভাই অভিযোগ করেন, তাদের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত এসে আগুন ধরানোর চেষ্টা করলে পাইপলাইনে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এই বাসভবনটি প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক সম্পত্তি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর নিরাপত্তা কর্মী ছাড়া বাসায় কেউ থাকে না।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে হামলার খবর পেয়েছি। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনা তদন্ত করা হচ্ছে।

স্থানীয়দের ধারণা, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার জেরেই নওফেলের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। উল্লেখ্য, একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হওয়ায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতেও আগুন দেওয়া হয়।