ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব দ্রুত শেষ হবে বলে বিশ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর কিছু নির্দিষ্ট অস্ত্রের মজুত নিয়ে সংকটের কথা স্বীকার করেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটা খুব শিগগির শেষ হবে। আমার মনে হয় না, তারা আর খুব বেশি দিন টিকে থাকতে পারবে।’

এর আগে গত মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধে মার্কিন সেনাবাহিনী তাদের অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালানোর সক্ষমতাসম্পন্ন দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুতের একটি বড় অংশ ব্যবহার করে ফেলেছে।

মার্কিন অস্ত্রের মজুত সংক্রান্ত প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কিছু নির্দিষ্ট ধরনের শক্তিশালী অস্ত্রের সীমাহীন মজুত যুক্তরাষ্ট্রের কাছে আছে। তবে অন্য কিছু অস্ত্রের মজুত তুলনামূলকভাবে কম।’

তবে এই ঘাটতি পূরণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলো অস্ত্র উৎপাদনে নতুন নতুন কারখানা তৈরি করছে, যার মধ্যে প্যাট্রিয়ট ও টমাহক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাও অন্তর্ভুক্ত রয়েছে।