বাসচাপায় সাত শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্পিডব্রেকার নির্মাণের দাবিতে শুক্রবার (৭ আগস্ট) সকালে বগুড়ার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ছয় কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনাস্থলের ঠিক সামনেই অবস্থিত এরুলিয়া উচ্চবিদ্যালয়। প্রতিদিন এই বিদ্যালয় প্রাঙ্গণের সামনে দিনমজুরদের হাট বসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থান হওয়া সত্ত্বেও এখানে কোনো স্পিডব্রেকার নেই। এমনকি স্কুল কিংবা শ্রমিকের হাটের বিষয়ে সতর্ক করার জন্য কোনো সাইনবোর্ডও স্থাপন করা হয়নি।

অবরোধে অংশ নেওয়া স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পয়েন্টে স্পিডব্রেকার নির্মাণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাদের মতে, প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থী, দিনমজুর ও সাধারণ মানুষের যাতায়াত থাকলেও নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা নেই, যার ফলে বারবার এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ বলেন, "নিহত সাতজনই দিনমজুর ছিলেন। স্থানীয়দের স্পিডব্রেকারের দাবিটি অত্যন্ত যৌক্তিক। বিষয়টি ইতোমধ্যেই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে এবং অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"