রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের জন্য নির্ধারিত অনুপস্থিতি ফি প্রত্যাহার করে নিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক আদেশের মাধ্যমে অভিভাবকদের এই সিদ্ধান্ত জানানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনুপস্থিতি ফি প্রত্যাহারের বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে আসা আবেদনগুলো প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির (অস্থায়ী পরিচালনা কমিটি) সভায় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আরোপিত অনুপস্থিতি ফি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়, যা জুলাই মাস থেকে কার্যকর হবে। ফলে এখন থেকে অনুপস্থিতি ফি বাবদ অভিভাবকদের কাছ থেকে আর কোনো অর্থ আদায় করা হবে না।

আদেশে আরও উল্লেখ করা হয়, "ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আশা করে, ভবিষ্যতে অভিভাবকেরা শিক্ষার্থীদের নিয়মিতভাবে ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করবেন।"