দীর্ঘ ৩১ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের ‘চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়’। ১৯৯৫ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও অবকাঠামোগত সংকট এবং পাকা ভবনের অভাবে দীর্ঘ সময় নিয়মিত পাঠদান সম্ভব হয়নি। এর ফলে চরাঞ্চলের শত শত শিক্ষার্থীকে মাধ্যমিক শিক্ষার জন্য দূর-দূরান্তে যেতে হতো।
২০২২ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হলেও নিজস্ব ভবনের অভাবে পাঠদান কার্যক্রম থমকে ছিল। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে চারতলা ভিত্তির একটি নতুন অ্যাকাডেমিক ভবনের নির্মাণকাজ শুরু হলে শিক্ষার্থীদের মাঝে আশার আলো দেখা দেয়। বর্তমানে ভবনের প্রথম তলার কাজ প্রায় শেষ পর্যায়ে। ফলে আধুনিক পরিবেশে পাঠদান শুরুর অপেক্ষায় প্রহর গুনছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের নতুন ভবনে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে নবগঠিত অ্যাডহক কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় এবং চরমানাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি তানজিমুল হাসান কায়েস।
সভায় আরও বক্তব্য প্রদান করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রশিদ মাস্টার, অবসরপ্রাপ্ত সার্জন আবুল কালাম আজাদ, শিক্ষক সঞ্জয় চাকলাদার, ইসরাফিল বেপারী ও তোরাব আলী।
বক্তারা বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণ, প্রধান ফটক স্থাপন ও মাঠ ভরাটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তারা আশা প্রকাশ করেন যে, প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হলে প্রতিষ্ঠানটি চরাঞ্চলের অন্যতম সেরা ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।
সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা বিদ্যালয়টিকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।