সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপির সংসদ সদস্য নাছির চৌধুরী দাবি করেছেন যে, আওয়ামী লীগ বিএনপির শত্রু নয়, বরং মিত্র। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে দিরাই থানা পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মত ব্যক্ত করেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, "আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে একসাথে মুক্তিযুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সাথে মিশে যাবে, কারণ তাদের আর কোনো পথ নেই।"
স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিভাজন প্রসঙ্গে নাছির চৌধুরী সতর্ক করে বলেন, আজকের এই সমাবেশটিই বিএনপির মূল সমাবেশ এবং এর বাইরে অন্য কোনো সমাবেশের অস্তিত্ব নেই। আগামী ৮ তারিখে বিএনপির নামে যারা পৃথক কর্মসূচি পালন করতে চাইছেন, তারা মূলত দলে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছেন। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
নিজের বিরুদ্ধে চলা বিভিন্ন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, "আমার কোনো ভাই নেই, আমি একা। এমনকি আমার বাসাও কেড়ে নেওয়া হয়েছে। যারা দলের নাম ভাঙিয়ে চুরি-দুর্নীতি করার সুযোগ পাচ্ছে না, তারাই মূলত আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা বলে, আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করে খাচ্ছি! যারা এসব কথা বলে, তাদেরকে প্রশ্ন করুন—আসলে কত টাকা বাজেট এসেছে? প্রয়োজন হলে ইউএনওর কাছে গিয়ে খোঁজ নিন।"
দুর্নীতির বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, "আমি যতদিন জীবিত আছি, কাউকে কোনো প্রকার দুর্নীতি করার সুযোগ দেব না।"
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা ফারুক সর্দার ও সাব্বির মিয়ার যৌথ পরিচালনায় আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন নাছির চৌধুরীর সহধর্মিণী পারভিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, নুরুল হক তালুকদার, আবু সাঈদ চৌধুরী, সজিব রশিদ চৌধুরী এবং ছাত্রদল নেতা শাহ আলম, জুনেদ মিয়া ও মেহেদী হাসান চৌধুরী।