বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টিফেন রদ্রিগেজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন রদ্রিগেজকে স্বাগত জানিয়ে তার নিয়োগে অভিনন্দন জানান। এসময় তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলো বাস্তবায়নে ইউএনডিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের উন্নয়নযাত্রায় ইউএনডিপির গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে ড. খলিলুর রহমান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সংস্থাটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির এই সময়ে তিনি আশা প্রকাশ করেন যে, উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএনডিপি ও জাতিসংঘ ব্যবস্থা বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানিয়ে স্টিফেন রদ্রিগেজ বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে দেশটির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
বৈঠক চলাকালীন ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। তিনি এই অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা ও গঠনমূলক ভূমিকার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।