ঠাকুরগাঁও জেলার ভুল্লী নদীতে গোসল করতে নেমে হাবিব (১০) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ভুল্লী থানার জোদ্দারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব ভুল্লী থানার বড় বালিয়া আদর্শ সরকারপাড়া গ্রামের মনাহারের ছেলে। সে শিমুলতলী ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ভুল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, বৃহস্পতিবার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে হাবিব বন্ধুদের সঙ্গে ভুল্লী নদীর জোদ্দারপাড়া এলাকায় গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর হাবিবকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।