মহাকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করা এক রোমাঞ্চকর মুহূর্ত খুব শীঘ্রই আসতে চলেছে। ২০২৬ সালের ১২ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যায় আকাশে দেখা যাবে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই বিশেষ সময়ে চাঁদ সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলবে, যার ফলে ইউরোপের নির্দিষ্ট কিছু এলাকায় দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার। ২০২৪ সালের এপ্রিলের পর পৃথিবীতে এটিই হবে প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় পর স্পেনের আইবেরীয় উপদ্বীপে এই বিরল দৃশ্য দেখা যাবে। যেহেতু এই গ্রহণটি চাঁদের অনুভূ বা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানের সময়ে ঘটছে, তাই চাঁদকে স্বাভাবিকের চেয়ে আকারে কিছুটা বড় দেখাবে এবং পূর্ণগ্রাসের স্থায়িত্বকালও কিছুটা দীর্ঘ হবে। একই রাতে মহাকাশে পারসেইড উল্কাপাত চরম রূপ নেবে। ফলে সন্ধ্যায় সূর্যগ্রহণ দেখার পর গভীর রাতে আকাশে উল্কাবৃষ্টির চোখধাঁধানো রূপ উপভোগ করার সুযোগ পাবেন আকাশপ্রেমীরা।

পূর্ণগ্রাসের মূল পথটি আর্কটিক মহাসাগর থেকে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড, উত্তর-পূর্ব পর্তুগালের সামান্য কিছু অংশ এবং পুরো উত্তর স্পেনের ওপর দিয়ে বিস্তৃত হবে। স্পেনের লিওন, বুর্গোস, ভ্যালেন্সিয়া, সারাগোসা ও পালমার আকাশে পূর্ণগ্রাস দৃশ্যমান হবে। স্থানীয় সময় রাত ৮টা ৩২ থেকে ৮টা ৩৩ মিনিটে এই গ্রহণের সর্বোচ্চ পর্যায় দেখা যাবে। এছাড়া মাদ্রিদে সূর্যের ৯৯ শতাংশ পর্যন্ত ঢাকা পড়বে। আইসল্যান্ডের রেখিয়াভিক ও ইসাফজোরদুরে দিনের শেষ ভাগে পূর্ণগ্রাস দেখা যাবে।

ইউরোপের অন্যান্য অংশ এবং উত্তর আমেরিকার কিছু কিছু এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ভারতীয় উপমহাদেশসহ এশিয়ার দেশগুলোতে এই ঘটনাটি মধ্যরাতের পর হওয়ায় সরাসরি দেখা যাবে না।

ইউরোপীয় মহাকাশ সংস্থা তাদের ইউটিউব চ্যানেলে এই বিরল মহাজাগতিক দৃশ্যের সরাসরি সম্প্রচার করবে বিনামূল্যে।