মোটরসাইকেলে দলবেঁধে ভ্রমণের আড়ালে মাদক পাচারের অভিযোগে ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের সামনের সড়ক থেকে এই চক্রের সদস্যদের আটক করা হয়। আটককৃতরা হলেন—কক্সবাজারের রামুর মো. বশির, মো. সাইফুল, মো. হাসান, মো. হোসেন, কক্সবাজার সদরের বেলাল উদ্দিন এবং ঈদগাঁও থানার নুরুল মোস্তফা।
র্যাব সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। তল্লাশির সময় পাঁচটি মোটরসাইকেলসহ ওই ছয়জনকে আটক করা হয়। পরবর্তীতে মোটরসাইকেলের বক্সে থাকা একটি কাঁধব্যাগে বিশেষ কৌশলে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, "আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে করে মাদক চোরাচালান চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"
মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করেছে র্যাব।