দেশের বাজারে সোনা ও রুপার দাম আবারও বেড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাম পরিবর্তনের বিষয়টি জানিয়েছে। সোনার দাম সমন্বয়ের কারণ হিসেবে সমিতি উল্লেখ করেছে, "দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বেড়েছে।"
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। উল্লেখ্য, গত ৩১ জুলাই সোনার দাম কমানো হয়েছিল।
চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওইদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়।
সোনার দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় জুয়েলারি প্রতিষ্ঠানগুলো গয়নার ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করবে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল মোট দামের ৫ শতাংশ।
গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যমতে, বৈশ্বিক স্পট মার্কেটেও সোনার দাম কিছুটা বেড়েছে। আজ বেলা ১১টা ৪৫ মিনিটে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ৪ হাজার ২৬০ ডলার, যা গতকালের তুলনায় প্রায় ১৫ ডলার বেশি।
সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৮৯৮ টাকা এবং ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা হয়েছে।