রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. শুরুজ শেখ (৪০) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শুরুজ শেখ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজুয়ার টেক গ্রামের মৃত বাদরী শেখের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ১০ তলা ভবনটিতেই অবস্থান করতেন।
নিহত ব্যক্তির সহকর্মী সোহেল রানা জানান, নির্মাণাধীন ভবনে পানি দেওয়ার সময় তৃতীয় তলা থেকে শুরুজ শেখ নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, "ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।"