অস্ট্রেলিয়ায় প্রাণঘাতী বার্ড ফ্লুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় দেশটির বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য চরম সংকটের মুখে পড়েছে। সম্প্রতি সাউথ অস্ট্রেলিয়ার বোডিন রক্স উপকূলে অর্ধশতাধিক সামুদ্রিক পাখির মৃত্যু এবং অসংখ্য পাখির গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। চিকিৎসকেরা এই পরিস্থিতিকে বড় ধরনের ‘গণমৃত্যু’ হিসেবে বর্ণনা করেছেন। বিশেষ করে গাঙচিলের দেহে প্রথমবারের মতো এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যাওয়ায় পরিবেশবিদদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
অস্ট্রেলীয় সরকারের সাম্প্রতিক এক মূল্যায়নে সতর্ক করা হয়েছে যে, চলমান বার্ড ফ্লুর প্রভাবে দেশটির অন্তত পাঁচটি বন্য প্রাণী ও সামুদ্রিক পাখির প্রজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে পারে। এছাড়া আরও শতাধিক প্রজাতির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবেশবাদী সংগঠন ইনভেসিভ স্পিসিজ কাউন্সিলের প্রধান জ্যাক গফ সরকারের এই পর্যবেক্ষণকে একটি ‘ধ্বংসের তালিকা’ বলে অভিহিত করেছেন। বন্য প্রাণী রক্ষায় তিনি ২০০ মিলিয়ন (২০ কোটি) ডলারের একটি জরুরি তহবিল গঠনের দাবি জানিয়েছেন।
সংকটাপন্ন পাখির পাশাপাশি তাসমানিয়ান ডেভিল, ইস্টার্ন কোয়েল, ডলফিন ও সিলের মতো স্তন্যপায়ী প্রাণীরাও বর্তমানে ঝুঁকির তালিকায় রয়েছে। সিডনি বিশ্ববিদ্যালয়ের মহামারি-বিশেষজ্ঞ অধ্যাপক রায়না ম্যাকইন্টাইয়ার জানান, “২০২০ সাল থেকে জিনগতভাবে বদলে যাওয়া এই বার্ড ফ্লু ভাইরাসটি বিশ্বজুড়ে বন্য প্রাণী ও সামগ্রিক জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি করে চলেছে।”
এদিকে বসন্তের প্রজনন মৌসুমে এই সংক্রমণ দেশের মূল ভূখণ্ডে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রী মারে ওয়াট। বন্য পাখিদের সরাসরি টিকা দেওয়া অত্যন্ত কঠিন হওয়ায় খাঁচায় বন্দী ও অতি বিপন্ন প্রজাতির সুরক্ষায় সরকার ৪৭ মিলিয়ন ডলারের একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে, যার আওতায় ইতিমধ্যে প্রতিষেধকের ট্রায়াল শুরু হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির পোলট্রিশিল্পে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।