বর্তমান যুগের প্রায় প্রতিটি স্মার্টফোনেই যুক্ত রয়েছে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস প্রযুক্তি। এই ব্যবস্থার মাধ্যমেই একজন ব্যবহারকারীর বর্তমান অবস্থান দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। বিশেষ করে গাড়ি চালানোর সময় সঠিক পথনির্দেশনা পাওয়া কিংবা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় সময়ের হিসাব জানতে জিপিএস অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। দীর্ঘকাল ধরে এই প্রযুক্তি ব্যবহৃত হয়ে আসলেও বর্তমানে স্মার্টফোন-নির্ভর বিভিন্ন সেবার ব্যাপক প্রসারের ফলে এর গুরুত্ব আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

প্রযুক্তিগতভাবে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) হলো একটি স্যাটেলাইটভিত্তিক হাইপারবোলিক নেভিগেশন সিস্টেম। এটি মূলত পৃথিবীকে প্রদক্ষিণ করা একাধিক কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সমন্বয়ে পরিচালিত হয়। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বজুড়ে কোটি কোটি স্মার্টফোন ব্যবহারকারী অবস্থানভিত্তিক বিভিন্ন সেবার জন্য এই প্রযুক্তির ওপর নির্ভরশীল।

স্মার্টফোন, স্মার্টঘড়ি কিংবা নেভিগেশন সুবিধাসম্পন্ন গাড়ির যন্ত্রে থাকা জিপিএস-সমর্থিত চিপগুলো পৃথিবীর কক্ষপথে অবস্থানরত স্যাটেলাইট থেকে পাঠানো সংকেত নিয়মিত সংগ্রহ করে। এর ফলে ব্যবহারকারীর সামনে দ্রুত অবস্থানসংক্রান্ত তথ্য প্রদর্শিত হয়।

এই প্রক্রিয়ায় স্মার্টফোনের জিপিএস চিপটি হিসাব করে দেখে যে, স্যাটেলাইট থেকে পাঠানো বেতারসংকেত ফোনে পৌঁছাতে কত সময় লেগেছে এবং সংশ্লিষ্ট স্যাটেলাইটটি কত দূরে অবস্থিত। পরবর্তীতে একাধিক উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য একত্র করে ব্যবহারকারীর সুনির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ধারণ করা হয়, যার মাধ্যমে অবস্থানের সঠিক তথ্য পাওয়া সম্ভব হয়।

সূত্র: টেক২ ডটকম