সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষসহ শিক্ষক ও কর্মচারীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে তিন দফা দাবি উত্থাপন করেছে মাদ্রাসার শিক্ষক পরিষদ।

বুধবার (৫ আগস্ট) শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মহসীন কবীর স্বাক্ষরিত এক বিবৃতিতে গত মঙ্গলবার (৪ আগস্ট) সংঘটিত এই সহিংস ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, গতকাল মাদ্রাসা ক্যাম্পাসে একদল সন্ত্রাসী হামলা চালায়। এই ঘটনায় ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য এবং সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন। এছাড়া উপাধ্যক্ষসহ আরও অনেক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী এই মারাত্মক হামলার শিকার হয়েছেন বলে জানানো হয়েছে।

শিক্ষক পরিষদ এই ঘটনাকে কেবল নির্দিষ্ট কোনো ব্যক্তির ওপর আক্রমণ হিসেবে দেখেনি। বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা মূলত শিক্ষা, শৃঙ্খলা, আইনের শাসন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশের ওপর এক বড় আঘাত।

ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিক্ষক পরিষদ তিনটি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো—

১. "ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে;"

২. "প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে; এবং"

৩. "শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।"