জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইবার সুরক্ষা আইনের একটি মামলার প্রেক্ষিতে আজ বুধবার ভোরে রাজধানীর মনিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশ।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে গত ৩১ জুলাই এনসিপি থেকে গাজী সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে ২ আগস্ট বগুড়া সদর থানায় তাঁর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজ আলম জানান, বগুড়া সদর থানা বিএনপির সভাপতি এইচ এস মাফুতুন আহমেদ খান বাদী হয়ে মামলাটি করেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "আজ ভোর চারটার দিকে রাজধানীর মনিপুর এলাকা থেকে সালাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বগুড়ায় নিয়ে আদালতে হাজির করা হবে।"

গাজী সালাউদ্দীন তানভীরের গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আজ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি অভিযোগ করেন, গাজী সালাউদ্দীনের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার পরও বিএনপি ও পুলিশ ক্ষমতা দেখিয়েছে। সারজিস আলমের দাবি, হবিগঞ্জ ও সিলেটে সম্প্রতি সংঘটিত হামলার প্রসঙ্গ টেনে তিনি প্রধানমমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট দিয়েছিলেন। দলের আপত্তি জানানোর পর তিনি পোস্টটি মুছে ফেলেন এবং ফেসবুকে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে অঙ্গীকার করেন। তা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল ডিসি নিয়োগ–বাণিজ্য এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠায় গাজী সালাউদ্দীন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে সেই অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়।