জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে আগামীকাল বুধবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর মতে, এই পদক্ষেপের ফলে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে বিরাজমান অস্থিরতা হ্রাস পাবে।

মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী বলেন, ‘আমরা ইরানিদের সঙ্গে আলাপ করছি। আর আমি মনে করি যে আজ অথবা আগামীকালের মধ্যে হরমুজ চালু করতে একটি চুক্তিতে পৌঁছাতে পারি। এ মাধ্যমে এই সংঘাতও একটি স্থিতিশীল অবস্থার দিকে এগোবে।’

ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে এবং এই পথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল নিতে চাইছে তেহরান। সাক্ষাৎকারে এই চুক্তির মাধ্যমে তেহরানকে টোল নেওয়ার সুযোগ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, ‘আমার ধারণা স্বাধীনভাবেই জাহাজ চলাচল করতে পারবে।’

এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে যেতে পারে। সেই সঙ্গে তিনি ইরানে নতুন করে ব্যাপক পরিসরে হামলা চালানোর পরিকল্পনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। যদিও সে সময় হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলার কথা নাকচ করেছিল তেহরান।

ইরানের পক্ষ থেকে আলোচনার বিষয়ে নতুন করে কোনো তথ্য না জানানো হলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। তাঁর ভাষ্যমতে, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় যুক্ত রয়েছে ওয়াশিংটন। এই প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে এবং খুব শিগগির ইতিবাচক ফলাফল আশা করছেন তিনি।