কাজাখস্তানের রাজধানী আস্তানায় তৃতীয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (আইওএআই) ২০২৬ শুরু হয়েছে। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ অলিম্পিয়াডটির উদ্বোধন করেন।

শতাধিক দেশ থেকে প্রায় ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ এআই দলও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) অধ্যাপক বি এম মাইনুল হোসেন। দলের প্রতিযোগীদের মধ্যে রয়েছেন কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির মো. সাইদুজ্জামান, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির অনন্য যারিফ আকন্দ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোবতাসিম চৌধুরী।

আজ মঙ্গলবার অলিম্পিয়াডের প্রথম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং–সংক্রান্ত সমস্যার সমাধান করতে হয় অংশগ্রহণকারীদের। এ বছর প্রথমবারের মতো ‘এআই মডেল ট্র্যাক’ যুক্ত হয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন এআই ল্যাব ও প্রতিষ্ঠান তাদের নিজস্ব এআই মডেল দিয়ে একই প্রতিযোগিতামূলক সমস্যার সমাধান করবে, মানুষের হস্তক্ষেপ ছাড়াই।

এর আগে গতকাল সোমবার আস্তানায় পৌঁছানোর পর আয়োজক কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণ করে এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ দল। এরও আগে, গত ১৩ জুন আয়োজিত এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জিত ৩টি স্বর্ন পদক তুলে দেওয়া হয় দলনেতার হাতে।

২ থেকে ৮ আগস্ট পর্যন্ত আইওএআই ২০২৬-এ অংশগ্রহণের মাধ্যমে এই দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। প্রতিযোগিতার দিনগুলোতে উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন এবং সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি মূল প্রতিযোগিতা পর্ব অনুষ্ঠিত হবে।

দলনেতা বি এম মাইনুল হোসেন বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। বিশ্বের ১০০-এর বেশি দেশের সেরা শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করার এই সুযোগ আমাদের শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। আমরা আশাবাদী, বাংলাদেশ এই আসরে ভালো ফল করবে।’

কাজাখস্তানের কম্পিটিটিভ প্রোগ্রামিং ফেডারেশন (সিপিএফইডি) ও আইওএআই ২০২৬ আয়োজক কমিটির আনুষ্ঠানিক আমন্ত্রণে বাংলাদেশ এআই দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোগে আয়োজিত বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও)-এর মাধ্যমে সারা দেশ থেকে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে এই দল গঠিত হয়েছে।