দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে হেঁটে সৌদি আরবের পবিত্র কাবা শরীফে হজ পালন করতে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়ার দুলাল হোসেন। অদম্য ইচ্ছা ও প্রবল সংকল্প নিয়ে মক্কা নগরীর উদ্দেশ্যে এই দীর্ঘ পথচলায় নামলেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়ায় বড়ইচোরা গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু করেন দুলাল হোসেন। তিনি ওই গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে। যাত্রার শুরুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দাদের দোয়া ও আশীর্বাদ নিয়ে রওনা হন তিনি।
দুলাল হোসেনের এই ব্যতিক্রমী উদ্যোগের কথা জানাজানি হতেই পুরো এলাকায় ব্যাপক কৌতূহল ও আগ্রহ তৈরি হয়। তাকে একনজর দেখতে এবং বিদায় জানাতে সকালে তার বাড়িতে ভিড় জমান শত শত গ্রামবাসী। বিদায় মুহূর্তটি হয়ে ওঠে অত্যন্ত আবেগঘন। উপস্থিত সবাই তার নিরাপদ যাত্রা ও সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করেন।
দুলাল হোসেনের প্রতিবেশী কাউসার হোসেন বলেন, "দুলাল ভাইয়ের এই উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার। আল্লাহ যেন তার সফর সহজ করে দেন এবং হজ কবুল করেন।"
গ্রামের প্রবীণ বাসিন্দা রফিকুল ইসলাম জানান, দুলাল হোসেন অত্যন্ত ধার্মিক ও সাদাসিধে প্রকৃতির মানুষ। তিনি সর্বদাই সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। দীর্ঘদিন ধরেই তিনি এই পথযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ যেন তার সৎ নিয়ত কবুল করেন।
নিজের এই সাহসী সিদ্ধান্তের কথা জানিয়ে দুলাল হোসেন বলেন, "আল্লাহর ঘর তাওয়াফ করার ব্যাকুল আকুলতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। পথ দীর্ঘ ও অত্যন্ত কষ্টসাধ্য হলেও মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেই রওনা হয়েছি। আমি সুস্থভাবে যেন মক্কায় পৌঁছে হজ সম্পাদন করতে পারি, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।"
যাত্রাপথে বিভিন্ন দেশের সীমান্ত নিরাপদে অতিক্রম করে সৌদি আরবে পৌঁছানোর জন্য সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিতে তিনি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রয়োজনীয় সহায়তা কামনা করেন।