ইউরোপীয় বাজারে ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় এবার পর্তুগালের বাজারে প্রবেশ করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটা পিএলসি। প্রতিষ্ঠানটি সূত্রে জানানো হয়েছে, খুব শীঘ্রই পর্তুগালের বাজারে রেনাটার ওষুধ বাজারজাত করা হবে।

বর্তমানে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও সাইপ্রাসসহ ইউরোপের বিভিন্ন দেশে রেনাটার ওষুধ বিক্রি হচ্ছে। সেই তালিকায় নতুন দেশ হিসেবে যুক্ত হলো পর্তুগাল।

প্রাথমিক পর্যায়ে পর্তুগালের বাজারে রেনাটা তিনটি বিশেষ ওষুধ সরবরাহ করবে। এগুলো হলো— অ্যামান্টাডিন ১০০ মিলিগ্রাম ক্যাপসুল, ফ্লুড্রোকর্টিসোন শূন্য দশমিক ১ মিলিগ্রাম ট্যাবলেট এবং ক্যাবারগোলিন শূন্য দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেট।

উল্লেখ্য, পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যামান্টাডিন শরীরের জড়তা দূর করতে এবং অনিয়ন্ত্রিত পেশির নড়াচড়া কমাতে কার্যকর। বাংলাদেশে এই ওষুধটি ‘মানটাডিন’ নামে বাজারজাত করা হয়। অন্যদিকে, ফ্লুড্রোকর্টিসোন শূন্য দশমিক ১ মিলিগ্রাম ও ক্যাবারগোলিন শূন্য দশমিক ৫ মিলিগ্রাম—উভয়ই উচ্চ ক্ষমতাসম্পন্ন ওষুধ। ফ্লুড্রোকর্টিসোন একটি সিনথেটিক কর্টিকোস্টেরয়েড, যা মূলত অ্যাডিসন রোগের মতো অ্যাডিনাল অপ্রতুলতার ক্ষেত্রে হরমোন প্রতিস্থাপন চিকিৎসায় ব্যবহৃত হয়।

পর্তুগালে এই পণ্যগুলো রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে উচ্চ মানের ও নির্ভরযোগ্য ওষুধ সরবরাহকারী হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায় রেনাটা।