প্রযুক্তি বিশ্বে দীর্ঘদিনের গুঞ্জন যে অ্যাপল ক্যামেরাযুক্ত এয়ারপডস তৈরির পরিকল্পনা করছে, তা এখন আরও জোরালো হয়েছে। যদিও এই বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে ব্লুমবার্গের সাংবাদিক ও অ্যাপল বিশেষজ্ঞ মার্ক গুরম্যানের সাম্প্রতিক দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর মতে, ক্যামেরাযুক্ত নতুন একটি এয়ারপডস মডেলের উন্নয়নকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং চলতি বছরই এটি উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।

মার্ক গুরম্যান তাঁর 'পাওয়ার অন' নিউজলেটারে উল্লেখ করেছেন যে, অ্যাপল বর্তমানে ক্যামেরাযুক্ত এয়ারপডসের দুটি সংস্করণ নিয়ে অভ্যন্তরীণ পরীক্ষা চালাচ্ছে। এই মডেল দুটির কোড নাম দেওয়া হয়েছে 'বি৭৯৮' ও 'বি৭৯০'। এর মধ্যে বি৭৯৮ মডেলটি সম্পর্কে আগে কিছু তথ্য জানা গেলেও, সম্প্রতি বি৭৯০ মডেলটি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

গুরম্যানের দাবি অনুযায়ী, আইওএস ২৭ অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণের কোডে ইতিমধ্যে বি৭৯০ মডেলের নাম পাওয়া গেছে। বছরের বাকি সময় সীমিত থাকায় খুব শীঘ্রই এই নতুন এয়ারপডসের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যাপল যদি তাদের নিয়মিত সময়সূচি মেনে চলে, তবে আগামী সেপ্টেম্বর আইফোন ১৮ উন্মোচন অনুষ্ঠানের সাথেই এই চমকটি আসতে পারে।

ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই ডিভাইসটি 'এয়ারপডস প্রো আল্ট্রা' নামে বাজারে আসতে পারে। তবে বি৭৯০ মডেলে নির্দিষ্ট করে কী কী নতুন সুবিধা থাকছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি গুরম্যান। পূর্ববর্তী বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই ক্যামেরার কাজ ছবি বা ভিডিও তোলা হবে না; বরং এটি চারপাশের পরিবেশ বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীকে প্রয়োজনীয় তথ্য দেবে। এর ফলে ব্যবহারকারী তার চারপাশের পরিবেশ সম্পর্কে আরও প্রাসঙ্গিক তথ্য ও সহায়তা পাবেন। মূলত এটি একটি পরিধানযোগ্য এআই সহকারী হিসেবে কাজ করবে।

মার্ক গুরম্যানের তথ্যমতে, ক্যামেরাযুক্ত এই নতুন সংস্করণ বাজারে এলেও সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রচলিত এয়ারপডস বিক্রি অব্যাহত রাখবে অ্যাপল। অর্থাৎ, যারা কেবল গান, পডকাস্ট বা অডিও শোনার জন্য এয়ারপডস ব্যবহার করেন, তাদের জন্য বর্তমান মডেলগুলোই বাজারে পাওয়া যাবে।