সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. শহীদুল আলম। তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের দর্শন বিভাগের শিক্ষক এবং সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী অবসরে যাওয়ার পর পদটি শূন্য হয়, যার বিপরীতে অধ্যাপক মো. শহীদুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, "পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ বেতন ও বেতনক্রমে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।" দায়িত্ব পালনকালে তিনি পদসংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বীমা এবং অন্যান্য তহবিলে চাঁদা প্রদান করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি বাসস্থানের সুবিধা গ্রহণ করলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না এবং সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ দ্বারা তার চাকরি নিয়ন্ত্রিত হবে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।