দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে স্বর্ণ। গত ৩১ জুলাই সংগঠনটি স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে, যা বর্তমানে কার্যকর রয়েছে।

বাজুসের দেওয়া তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

সংগঠনটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ভেদে আলাদা মজুরি যুক্ত হবে। উল্লেখ্য, স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে ২৮ জুলাই বাজুস প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছিল। সর্বশেষ সমন্বয়ে পুনরায় একই পরিমাণ অর্থ বাড়িয়ে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৭ বার, কমেছে ৪৯ বার এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।