ই-মেইলের উত্তর দেওয়ার সময় অসাবধানতাবশত ‘রিপ্লাই টু অল’ অপশনটি নির্বাচন করার ফলে অনেক সময় গোপন বা গুরুত্বপূর্ণ তথ্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের কাছে চলে যায়। বিশেষ করে ‘বিসিসি’ (ব্লাইন্ড কার্বন কপি) হিসেবে কোনো ই-মেইল পাওয়ার পর সেটির উত্তর দিতে গিয়ে এই ধরনের ভুল বেশি হয়, যার ফলে অন্য প্রাপকরাও বিষয়টি জানতে পারেন। ব্যবহারকারীদের এই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতে সতর্কবার্তা পাঠানোর নতুন একটি ফিচার চালু করেছে জিমেইল।

নতুন এই সুবিধার ফলে, বিসিসি হিসেবে আসা কোনো ই-মেইলে ব্যবহারকারী যদি ‘রিপ্লাই টু অল’ নির্বাচন করেন, তবে জিমেইল তাৎক্ষণিকভাবে একটি সতর্কবার্তা প্রদর্শন করবে। স্ক্রিনের ওপরের অংশে হলুদ রঙের ব্যানারের মাধ্যমে এই সতর্কবার্তাটি দেখা যাবে, যা ব্যবহারকারীকে ই-মেইলটি পাঠানোর আগে পুনরায় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেবে। এই সুবিধাটি পাওয়ার জন্য ব্যবহারকারীদের আলাদা করে কোনো সেটিংস পরিবর্তন করতে হবে না; জিমেইলের হালনাগাদ ওয়েব সংস্করণে পর্যায়ক্রমে এটি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।

উল্লেখ্য, বিসিসি সুবিধার মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট প্রাপকের পরিচয় অন্য সবার কাছে গোপন রাখা। তবে অসাবধানতায় ‘রিপ্লাই টু অল’ ক্লিক করলে সেই গোপনীয়তা নষ্ট হয়। গুগলের দাবি, নতুন এই সতর্কবার্তাটি এমন ভুলের ঝুঁকি কমিয়ে আনবে।

সাম্প্রতিক সময়ে জিমেইলে একের পর এক নতুন ফিচার যুক্ত করছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক বিভিন্ন সুবিধা নিয়ে বিতর্ক থাকলেও, অনেক ব্যবহারকারীর দৈনন্দিন কাজ সহজ করতে এগুলো ভূমিকা রাখছে। সম্প্রতি জিমেইলের সঙ্গে ক্যালেন্ডার ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা হয়েছে। পাশাপাশি যুক্ত হয়েছে এআই-নির্ভর ইনবক্স সুবিধা, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ ই-মেইল দ্রুত খুঁজে পাওয়া এবং ইনবক্সের বার্তাগুলো সুবিন্যস্ত রাখা সম্ভব হচ্ছে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ