জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মিয়া নূরউদ্দিন আহমেদ অপুর আবেদনের প্রেক্ষিতে শরীয়তপুর হয়ে বরিশালের হিজলা উপজেলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গত ২৯ জুলাই এক পত্রের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই পত্রে উল্লেখ করা হয়েছে, "জাতীয় রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, আঞ্চলিক বৈষম্য নিরসন এবং দেশের দক্ষিণ-মধ্যাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে পদ্মা সেতুর মাধ্যমে শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট হয়ে বরিশাল জেলার হিজলা উপজেলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।"

দীর্ঘদিন ধরে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের বাসিন্দারা সরাসরি রেল যোগাযোগের দাবি জানিয়ে আসছিলেন। এই প্রেক্ষাপটে জাতীয় সংসদের হুইপ মিয়া নূরউদ্দিন আহমেদ অপু বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করলে তা তাঁর দৃষ্টিগোচর হয় এবং পরবর্তীতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনায় রেলপথ মন্ত্রণালয়কে দ্রুত সম্ভাব্যতা যাচাই কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে গৃহীত কার্যক্রমের অগ্রগতি জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, এই রেললাইন বাস্তবায়িত হলে শরীয়তপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। এতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন এবং শিল্পখাতের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সংশ্লিষ্ট মহলের ধারণা, পদ্মা সেতু কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন এই প্রকল্পের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যাবে, যা বিশেষ করে শরীয়তপুর ও বরিশালের নদীবিধৌত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিষয়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, "সরকার গঠনের ৫ মাসের মধ্যেই এত বড় একটি প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি বাস্তবায়ন হলে দেশের দক্ষিণাঞ্চলের শরীয়তপুর, বরিশাল, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি ও ভোলার সাথে ঢাকার যোগাযোগ সহজ হবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যত তাড়াতাড়ি সম্ভব এই রেললাইনটি বাস্তবায়ন করে আমাদের স্বপ্নপুরনের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করবেন।"