সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া ‘মিথ্যা, মনগড়া ও কাল্পনিক’ তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে। সংগঠনটি বলেছে, এসব অপপ্রচারে জড়িত ব্যক্তি এবং তাঁদের সহযোগীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া জরুরি। সোমবার এক বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশন এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশপ্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। তাদের অভিযোগ, যাচাই-বাছাই ছাড়াই এসব কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের প্রচার চালানো হচ্ছে। বিশেষ করে কোনো কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যেই তাঁকে লক্ষ্য করে এই ধরনের প্রচারণা হচ্ছে বলেও জানানো হয়।
পুলিশ অ্যাসোসিয়েশনের ভাষ্য, কয়েকজন ব্যক্তি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সাংবাদিক পরিচয় দিচ্ছেন। তাদের মতে, এসব ব্যক্তি বিভিন্ন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জনমনে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি সংশ্লিষ্টদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন, নির্যাতন বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কেবল বিগত সরকারের সময়ে চাকরি করার অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে, এসব প্রচারণার উদ্দেশ্য হলো পুলিশ কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়া এবং সৎ ও দক্ষ কর্মকর্তাদের বিতর্কিত করা। তাদের অভিযোগ, এর ফলে সামগ্রিকভাবে পুলিশ বাহিনীকে মনোবলহীন করার পাশাপাশি জনমনে বাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার চেষ্টাও করা হচ্ছে।
এ অবস্থায় পুলিশ বাহিনীকে মনোবলহীন করার উদ্দেশ্যে মানহানিকর অপপ্রচার, মিথ্যা তথ্য ছড়ানো এবং পেশাদার কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে পুলিশ বাহিনীর পেশাদারত্ব বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।