ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ইউসুফ আলী শেখ (৫৫) নামের এক কৃষককে নির্যাতনের পর কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে একটি ভিডিও বক্তব্যে তিনি নির্যাতনের বর্ণনা দেন এবং অভিযুক্ত কয়েকজনের নামও উল্লেখ করেন।
মৃত ইউসুফ আলী শেখ চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা এবং দুই সন্তানের জনক।
পরিবারের সদস্যদের অভিযোগ, গত শনিবার সন্ধ্যায় একই গ্রামের এক যুবক কৌশলে ইউসুফ আলী শেখকে পদ্মার চরে ডেকে নেন। সেখানে সাত থেকে আটজন তাঁকে মারধর করেন এবং একপর্যায়ে জোর করে তাঁর মুখে বিষাক্ত কীটনাশক ঢেলে দেওয়া হয়। এরপর তাঁকে স্থানীয় বশির মেম্বারের বাড়ির পাশে ফেলে রেখে চলে যান অভিযুক্তরা।
ঘটনার পর স্বজনরা তাঁকে প্রথমে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে শনিবার রাতেই তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।
পরিবারের দাবি, মৃত্যুর আগে ধারণ করা একটি ভিডিওতে ইউসুফ আলী শেখ তাঁর ওপর নির্যাতন এবং জোর করে কীটনাশক খাওয়ানোর ঘটনা বর্ণনা করেছেন। ওই ভিডিওতে তিনি সাত থেকে আটজনের নামও উল্লেখ করেছেন বলে জানানো হয়েছে।
এই বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী বলেন, "ঘটনাটি জানার পর পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি অভিযোগের বিষয়টিও তদন্ত করা হচ্ছে।"