ডিবিএল গ্রুপসহ বিভিন্ন পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে বর্তমানে ছুটির সমন্বয় করা হচ্ছে, কারখানা বন্ধের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই দাবি জানিয়েছে। বিজিএমইএ উল্লেখ করেছে, সম্প্রতি কিছু গণমাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডিবিএল গ্রুপসহ একাধিক পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার খবর প্রচার করা হয়েছে, যা তাদের নজরে এসেছে। এই বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, "এ তথ্য সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। এতে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যা আমাদের পোশাকশিল্পের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।"

দেশের অর্থনীতি ও বৃহত্তম রপ্তানি খাতের সামগ্রিক স্বার্থের কথা উল্লেখ করে বিজিএমইএ জানায়, তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট থাকা সত্ত্বেও সরকারের সহযোগিতায় সদস্যভুক্ত কারখানাগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে ৬০ থেকে ৭০ শতাংশ উৎপাদন কার্যক্রম সচল রেখেছে।

ছুটি ও কর্মঘণ্টা সমন্বয় প্রসঙ্গে বিজিএমইএ জানিয়েছে, আগামী ৫ আগস্টের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সমন্বয় করে অনেক কারখানা বৃহস্পতিবার ছুটি দিচ্ছে, যা পরবর্তীতে বিধি মোতাবেক সমন্বয় করা হবে। সংগঠনটির ভাষ্যমতে, "গ্যাস–সংকটের কারণে এটি শিল্পের একটি স্বাভাবিক ও নিয়মিত কর্মপদ্ধতি; কারখানা বন্ধ হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই।"

যাচাই-বাছাই ছাড়া স্পর্শকাতর সংবাদ পরিবেশনের বিষয়ে সতর্ক করে বিজিএমইএ কর্তৃপক্ষ বলেছে, "যাচাই-বাছাই ব্যতীত কারখানা বন্ধের মতো স্পর্শকাতর ও ভুল সংবাদ পরিবেশন করা হলে তা দেশীয় এবং আন্তর্জাতিক ক্রেতা ও অংশীদারদের মধ্যে চরম বিভ্রান্তি ও অনাকাঙ্ক্ষিত উদ্বেগের সৃষ্টি করে। এ ধরনের অপপ্রচার পোশাক খাতের অর্জিত বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করে এবং পুরো শিল্পের পাশাপাশি এর ওপর নির্ভরশীল লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেয়।"