শিশুদের মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ, কৌতূহল এবং সৃজনশীল চিন্তাশক্তিকে উৎসাহিত করতে রাজধানীর উত্তরায় ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’ অনুষ্ঠিত হয়েছে। স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজনে গতকাল রোববার এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুরা অংশগ্রহণ করে এবং মহাকাশবিষয়ক তাদের নিজস্ব ধারণাগুলো উপস্থাপন করে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি শিশু প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে তাদের পছন্দের মহাকাশবিষয়ক তথ্য তুলে ধরে। অনেক শিশু নিজস্ব কল্পনা ও গবেষণার আলোকে ভবিষ্যতের মহাকাশযান, চন্দ্র ও মঙ্গল অভিযান এবং পৃথিবীর বাইরে প্রাণের অনুসন্ধান সম্পর্কে আকর্ষণীয় সব পরিকল্পনা উপস্থাপন করেছে।
রাইজ আপ ল্যাবসের সহায়তায় আয়োজিত এই ইভেন্টে শিশুদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) শিক্ষার প্রতি আগ্রহ ও কৌতূহল বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তথ্য উপস্থাপনার পর একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যার মাধ্যমে শিশুরা মহাকাশ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারে।
স্পেস ইনোভেশন ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’ শুধু একটি উপস্থাপনা অনুষ্ঠান নয়; এটি শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাকে বিকশিত করার একটি উদ্যোগ। তারা আরও জানায়, ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের জন্য বিজ্ঞান ও মহাকাশ শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা হবে।