ঢাকার দোহারের মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে বুয়েটের শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়ে গেছে। এ নিয়ে মোট ৪২ বার প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল। আগামী ৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। তবে তদন্ত কর্মকর্তা দোহারের কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুনিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১৪ জুলাই দোহার উপজেলার মৈনট ঘাটে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হন বুয়েটের স্থাপত্য বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী তারিকুজ্জামান সানি। ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হন এবং পরদিন তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার দিনই সানির বড় ভাই হাসানুজ্জামান দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সানির সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে আসামি করা হয়। গ্রেপ্তার হওয়া ওই ১৫ জন বর্তমানে জামিনে রয়েছেন।
আসামিরা হলেন— শরিফুল হোসেন (২৭), সেলিম ইসলাম (২৬), শাকিল আহমেদ (২৫), মো. রুবেল (২৮), সজীব মিয়া (২৬), মো. মনিরুজ্জামান (২৭), মো. নাসির (২৫), মারুফ হোসেন (২৭), আশরাফুল আলম (২৫), জাহাঙ্গীর হোসেন (২৮), মো. নোমান (২৬), মো. জাহিদ (২৭), এটিএম শাহরিয়ার (২৮), মারুফুল হক (২৬) ও রফিকুজ্জামান (২৭)।