নোয়াখালীর কবিরহাটে মাছবাহী পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার যাত্রী এক সেনাসদস্য।

সোমবার (৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের ইতালি মার্কেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম মো. আমিনুল হক (৩০), তিনি ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের নুর নবীর ছেলে। আহত সেনাসদস্য সৈকত স্থানীয় বাসিন্দা এবং বর্তমানে যশোর সেনানিবাসে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর থেকে একটি মাছবাহী পিকআপ কবিরহাটের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আমিনুল হকের মৃত্যু হয়। সৈকত বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও স্থানীয়দের আটকে রাখা পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনার পর পিকআপের চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"