আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব পড়ছে দেশের স্বর্ণের বাজারে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দামেই আজ সোমবার (৩ আগস্ট) বিক্রি হচ্ছে স্বর্ণ।

গত শুক্রবার (৩১ জুলাই) সকালে বাজুস স্বর্ণের দাম বৃদ্ধি করে। ওইদিন ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে গত ২৮ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা করা হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৭ দফা, কমানো হয়েছে ৪৯ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।