ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনীর উচ্চপদস্থ নেতৃত্বে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। নৌবাহিনীর ডেপুটি চিফ অব নাভাল স্টাফ (ডিসিএনএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ এবং বিমানবাহিনীর ডেপুটি চিফ অব দ্য এয়ার স্টাফ (ডিসিএএস) পদে নিযুক্ত হয়েছেন এয়ার মার্শাল তেজপাল সিং।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নৌবাহিনীর সাবেক উপপ্রধান ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতী গত ৩১ জুলাই অবসরে যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন এএন প্রমোদ।
ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ ১৯৯০ সালের ১ জুলাই ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি নৌবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে অপারেশন বিজয়, অপারেশন পরাক্রম, অপারেশন সিঁদুর এবং গালওয়ান সংকটকালীন অপারেশন স্নো লেপার্ডে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তিনি বিশিষ্ট সেবা মেডেল এবং ২০২৫ সালে যুদ্ধ সেবা মেডেল লাভ করেন।
অন্যদিকে, ১ আগস্ট নতুন ডেপুটি চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এয়ার মার্শাল তেজপাল সিং। দায়িত্ব গ্রহণের পর তিনি জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে গিয়ে শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এয়ার মার্শাল তেজপাল সিং ১৯৯০ সালের ১৬ জুন ভারতীয় বিমানবাহিনীতে ফাইটার পাইলট হিসেবে কমিশন লাভ করেন। তার উড্ডয়ন অভিজ্ঞতা ৩ হাজার ৫০০ ঘণ্টারও বেশি। সামরিক ক্যারিয়ারে অবদানের জন্য তিনি ২০১১ সালে বায়ুপেটা মেডেল এবং ২০২১ সালে অতি বিশিষ্ট সেবা মেডেল অর্জন করেছেন।
প্রতিরক্ষা বাহিনীর এই নেতৃত্ব পরিবর্তনকে নৌ ও বিমানবাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করার একটি ধারাবাহিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।