ভারতে নিট পরীক্ষার প্রশ্নফাঁস কেন্দ্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী ককরোচ জনতা পার্টি (সিজেপি) আবারও নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বুধবার (৫ আগস্ট) সংগঠনটির কোর কমিটির একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাসভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাসব্যাপী আন্দোলনের পর সংগঠনের কর্মী ও স্বেচ্ছাসেবকদের কিছু সময় পরিবারের সঙ্গে কাটানোর পরামর্শ দেওয়া হয়েছিল। এই বিরতির সময়ে কোর কমিটির সদস্যদের দায়িত্ব দেওয়া হয় সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের মতামত এবং বিভিন্ন প্রস্তাব সংগ্রহের। সংগৃহীত সেই মতামত ও সুপারিশের ভিত্তিতেই আগামী ৫ আগস্টের বৈঠকে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

অন্যদিকে, সংসদ অভিযান কর্মসূচির দিন আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় সরকারের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে সিজেপি। সংগঠনটির দাবি, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে এবং যাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের আইনি জটিলতা থেকে মুক্তি দিতে হবে।

এই প্রসঙ্গে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বলেন, "শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চাওয়ার বার্তা দিলেই হবে না। আন্দোলনে আহত শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।"

তিনি আরও বলেন, "যেসব শিক্ষার্থীর মাথা, হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে কিংবা পেলেট গানের শিকার হয়েছে, তাদের কাছে আগে ক্ষমা চাইতে হবে। এরপরই সরকার আন্তরিকতার দাবি করতে পারে।"

সিজেপি নেতাদের ইঙ্গিত, সরকারের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না এলে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।