দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বর্তমান অ্যাডহক কমিটি বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সাথে সংশোধিত প্রবিধানমালার আলোকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ৩০ জুলাই জারি করা নির্দেশনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এর প্রবিধি ৬৪ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে।
নতুন অ্যাডহক কমিটি গঠনের পদ্ধতি ও শর্তাবলি সংশোধিত প্রবিধানমালা (এসআরও নং-৮৯-আইন/২০২৬) অনুযায়ী নির্ধারণ করেছে বোর্ড।
নির্দেশনা অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য প্রতিষ্ঠানপ্রধান (অধ্যক্ষ বা সুপার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে তিন সদস্যের একটি প্যানেল প্রস্তাব করবেন। এই প্যানেলে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করতে হবে। পরবর্তীতে অন্যান্য সদস্যের মনোনয়নের প্রস্তাবসহ বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
তবে সিটি করপোরেশন এলাকার দাখিল ও আলিম মাদ্রাসার জন্য ভিন্ন নিয়ম রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে অ্যাডহক কমিটির প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, এই জরুরি নির্দেশনা দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।