মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি বিদ্যালয়ের পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এক ব্যক্তিকে ওই পুকুরে সাঁতার কাটতে দেখা যায়। তখন স্থানীয়রা তাকে ডাকাডাকি করলেও তিনি কোনো সাড়া দেননি। অন্ধকারের পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে ওই মুহূর্তে কেউ পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেননি। পরদিন রোববার বিকেলে পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, "মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।"
তিনি আরও জানান, "নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"