ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মাদুরা দ্বীপ সংলগ্ন সমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং এখনও ৪১ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। রোববার (২ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ‘কেএমপি মুতিয়ারা সেনতোসা ২’ নামের ফেরিটি সুরাবায়া বন্দর থেকে মাকাসারের উদ্দেশ্যে রওনা হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর এই দুর্ঘটনার কবলে পড়ে। অগ্নিকাণ্ডের সময় ফেরিটিতে যাত্রী ও কর্মী মিলিয়ে মোট আরোহীর সংখ্যা ছিল প্রায় ২৫০ জন।
আগুনের তীব্রতায় ফেরিটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়। জীবন বাঁচাতে অনেক যাত্রী জ্বলন্ত ফেরি থেকে সরাসরি সমুদ্রে ঝাঁপ দেন, আবার কেউ কেউ ফেরির ব্রিজ ও সামনের অংশে আশ্রয় নিয়ে উদ্ধারের অপেক্ষা করতে থাকেন।
সুরাবায়া সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান নানং সিগিত জানিয়েছেন, টিবি হাসনুর ২৬ এবং ব্রিটিশ মেন্টর নামের দুটি জাহাজ সমুদ্রে ঝাঁপ দেওয়া যাত্রীদের উদ্ধারে সহায়তা করছে। বর্তমানে মোট চারটি জাহাজ সমন্বিতভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে।
উদ্ধারকারী সংস্থাটি নিশ্চিত করেছে যে, ইতোমধ্যে প্রায় ২০০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে নিরাপদ জাহাজে স্থানান্তর করা হয়েছে। তবে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত অন্তত ৪০ জন যাত্রী ফেরির ভেতরের অংশে আটকা পড়েছিলেন বলে জানা গেছে।
সুরাবায়া সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের ভাষ্যমতে, তারা সকাল ৮টা ২৪ মিনিটে প্রথম অগ্নিকাণ্ডের খবর পান। নানং সিগিতের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত ফেরিটি বুরয়ান সপুদি দ্বীপ থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল গভীরে অবস্থান করছিল। নিখোঁজ ৪১ জনের সন্ধানে সমুদ্রজুড়ে তল্লাশি জোরদার করেছেন উদ্ধারকর্মীরা।