ইন্দোনেশিয়ায় সাগরে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন।
আজ রোববার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট ২৭১ জন আরোহী ছিলেন।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসার্নাস জানিয়েছে, ফেরিটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের দিকে যাচ্ছিল। মাদুরা দ্বীপের কাছাকাছি পৌঁছালে ফেরিটিতে আগুন লাগার খবর জানান এর ক্যাপ্টেন।
ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজে প্রচারিত ভিডিও চিত্রে দেখা যায়, লাইফ জ্যাকেট পরিহিত অনেক মানুষ একটি লাইফবোটে ভেসে রয়েছেন। এছাড়া অন্য কিছু ভিডিওতে ফেরির উপরিভাগ থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা গেছে এবং জীবন বাঁচাতে যাত্রীদের সেখান থেকে নেমে আসার চেষ্টা করার দৃশ্য ফুটে উঠেছে।