চট্টগ্রামের মিরসরাইয়ে এক সড়ক দুর্ঘটনায় একই মসজিদের ইমাম ও মোয়াজ্জেম নিহত হয়েছেন। আজ রোববার বেলা দেড়টার দিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম পুরোনো সড়কে মাছবাহী একটি পিকআপের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া কালাপির শাহ জামে মসজিদের ইমাম মো. জয়নাল আবেদীন (৩৮) ও মোয়াজ্জেম জহির উদ্দিন (৫০)। জয়নাল আবেদীন ইছাখালি ইউনিয়নের চরশরৎ বাংলা বাজার এলাকার মো. আবদুস সালামের ছেলে এবং জহির উদ্দিন মিঠানালা ইউনিয়নের উকিল টোলা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের আমন্ত্রণে বারইয়ারহাট এলাকায় যাচ্ছিলেন জয়নাল আবেদীন ও জহির উদ্দিন। জয়নাল আবেদীন মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাফায়াত হোসেন বলেন, "আজ বেলা দুইটার দিকে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। দুজনেরই মাথায় গুরুতর আঘাত ছিল।"
মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া কালাপির শাহ জামে মসজিদের কোষাধ্যক্ষ অহিদুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "জয়নাল আবেদীন মাত্র এক মাস আগে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। আর জহির উদ্দিন ২০০১ সাল থেকে মসজিদটির মোয়াজ্জেম হিসেবে কর্মরত ছিলেন। ইমাম ও মোয়াজ্জেম ভাতা নিয়ে আলোচনার জন্য তাঁরা এমপির সঙ্গে দেখা করতে বারইয়ারহাট এলাকায় যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে।"
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম মুক্তকণ্ঠকে বলেন, "মাছবাহী পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই মসজিদের ইমাম ও মোয়াজ্জেম নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তাঁদের লাশ হেফাজতে নেয়। দুর্ঘটনার পর পিকআপচালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পলাতক চালক ও পিকআপটি জব্দ করতে অভিযান চলছে।"
সংসদ সদস্য নুরুল আমিন মুক্তকণ্ঠকে বলেন, "রোববার দুপুরে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ১৫ জন করে ইমাম ও মোয়াজ্জেমকে ভাতার আওতায় আনতে কাগজপত্র যাচাইয়ের জন্য ডাকা হয়েছিল। নিহত জয়নাল আবেদীন ও জহির উদ্দিনও সেখানে আসার জন্য রওনা হয়েছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন। এ অনাকাঙ্ক্ষিত মৃত্যু তাঁদের শোকাহত করেছে। নিহত দুজনের পরিবারের সঙ্গে আলোচনা করে সহযোগিতার ব্যবস্থা করা হবে।"