দেশে হাম ও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই দুই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৩৬৯ জন ভর্তি হয়েছেন।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পৃথক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জনে। এর মধ্যে ৭৪৮ জন হামের উপসর্গ নিয়ে এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৬ জন। একই সময়ে নতুন করে আরও ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২ জন এসেছেন, যাদের মধ্যে ৯৪৬ জনকে ভর্তি করা হয়েছে। বিভাগীয় হিসেবে ভর্তি রোগীর সংখ্যা— ঢাকা বিভাগে ২৮৩ জন, চট্টগ্রামে ২৪০, বরিশালে ১৪২, ময়মনসিংহে ৬৫, সিলেটে ৬৩, রংপুরে ৪৫, রাজশাহীতে ২৬ এবং খুলনায় ২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৮৩ জনে পৌঁছেছে। এর মধ্যে ১৬ হাজার ২৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ১২ হাজার ৬২০ জন ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা ও বরিশালে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৩ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৯ জন এবং ঢাকার বাইরে ৩৮ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ৮১ জন, ময়মনসিংহে ৫৬, বরিশালে ৫৪, চট্টগ্রামে ৪৯, রাজশাহীতে ২৯, রংপুরে ১৬ এবং সিলেটে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ১০৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৯৩ জন।