বাজারে কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল করতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামীকাল থেকেই এই আমদানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। তাঁদের সাথে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের কথা জানানো হয়েছে।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, "কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং কাঁচা মরিচ আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে।"

আমদানি শুরু হলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী। বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩২০ থেকে ৩৮০ টাকার মধ্যে। উল্লেখ্য, দুই-তিন দিন আগে এই দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল, যা সাধারণ ভোক্তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে বাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভোক্তাদের জন্য বাজারকে সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা সরেজমিনে যা দেখবেন, তা বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরবেন। এতে মানুষ সচেতন হবে, বিভ্রান্তি কমবে। কেউ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।”

বাজার পরিদর্শনের আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় (খাদ্য ও কৃষি) পণ্যের সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণসংক্রান্ত এক সভায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং খাদ্য প্রতিমন্ত্রী। সেই সভা শেষে তাঁরা শান্তিনগর কাঁচাবাজারে যান।