দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) আরও চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রবিবার প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মৃত শিশুদের মধ্যে তিনজন ঢাকায় এবং একজন সিলেটে প্রাণ হারিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৭৪৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত সাড়ে চার মাসে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ৮৪৪ শিশুর মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২ জন এবং হামে আক্রান্ত হয়েছে ১১৫ জন শিশু। অর্থাৎ গত একদিনে মোট ১ হাজার ১৩৭ শিশু এই দুই সমস্যায় আক্রান্ত হয়েছে।
দীর্ঘমেয়াদী তথ্যানুসারে, গত সাড়ে চার মাসে হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৮৩ জন এবং হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২৯৫ জন। এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৭৮ জনে।
তবে আশার কথা হলো, এই সময়ের মধ্যে ১ লাখ ৮ হাজার ২৮৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮৬ শিশু।