মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ফলে ইরান ও তার প্রতিবেশী মার্কিন মিত্রদেশগুলোতে হতাহত শিশুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আবদুল ফোফানা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরান ও প্রতিবেশী দেশগুলোতে যুদ্ধের প্রভাব অব্যাহত রয়েছে। এর ফলে বাড়ি, বিদ্যালয় এবং আবাসিক এলাকার মতো নিরাপদ স্থানগুলোতেও শিশুরা প্রাণ হারাচ্ছে অথবা পঙ্গু হয়ে যাচ্ছে।

বিবৃতিতে জানানো হয়েছে, গত ৩০ জুলাই ইরানের দক্ষিণ উপকূলের কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় মা-বাবার সঙ্গে দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এছাড়া আরও দুই শিশু এতে আহত হয়েছে।

আবদুল ফোফানা জানান, সাম্প্রতিক এই হামলাগুলো প্রমাণ করে যে পুরো অঞ্চলজুড়ে শিশুরা সংঘাতের সবচেয়ে বড় মূল্য চোকাচ্ছে। গত পাঁচ মাসের যুদ্ধে এই অঞ্চলের ছয়টি দেশে ৪ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে। এর মধ্যে কেবল ইরানেই হতাহত শিশুর সংখ্যা আড়াই হাজারের বেশি; যেখানে ৩৮৬ শিশু নিহত এবং ২ হাজার ১১৭ শিশু আহত হয়েছে।

শিশুদের এই চরম দুর্ভোগের বিষয়ে আবদুল ফোফানা বলেন, "যে সংঘাত শিশুরা শুরু করেনি এবং যা থামানোর কোনো ক্ষমতাও শিশুদের নেই, সেই সংঘাতের সবচেয়ে ভয়াবহ শিকার শিশুরাই হয়।"

মধ্যপ্রাচ্যের বিবদমান পক্ষগুলোকে আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। বিবৃতিতে যুদ্ধবিরতির প্রতি পূর্ণ সম্মান জানিয়ে তা কার্যকর করার এবং অবিলম্বে সহিংসতা বন্ধ করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, শিশুরা যেখানেই থাকুক না কেন, তাদের সার্বক্ষণিক সুরক্ষা নিশ্চিতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।