নওগাঁর ধামইরহাট উপজেলায় বৃষ্টির মধ্যে জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকার মাঠে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশের একটি ফসলি মাঠে রোপা ধান লাগানোর কাজে গিয়েছিলেন আবু বক্কর সিদ্দিক। কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধামইরহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রায়হান জানান, "প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যু হওয়ায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"