গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৮ টাকা।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "আগস্ট ২০২৬ মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য (মূসকসহ) ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা করা হয়েছে।"
এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। বিইআরসি জানিয়েছে, নতুন এই মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।