ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি চা দোকানে আশ্রয় নিতে গিয়ে বজ্রাঘাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন— কুষারিগাঁও বলগাঁ এলাকার মহেন চন্দ্র ওরফে টিহাকুর স্ত্রী শাস্তি রাণী এবং একই এলাকার মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায়। আহত হয়েছেন ওই এলাকারই টেপরা ও শালন চন্দ্র নামের দুই ব্যক্তি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ আকাশ মেঘলা হয়ে তীব্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। বৃষ্টির হাত থেকে বাঁচতে এবং চা পান করতে স্থানীয় কয়েকজন বাসিন্দা পাশের একটি দোকানে জড়ো হন। সেখানে আড্ডার মাঝেই হঠাৎ দোকানের ওপর বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, "বৃষ্টির সময় চায়ের দোকানে অবস্থানকালে আকস্মিক দুর্ঘটনাটি ঘটে। বজ্রঘাতে দুজন নিহত ও দুজনের আহত হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।"