সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সরকার যোগদান ও পদায়নের তারিখ ঘোষণা করায় রাজধানীর শাহবাগে চলমান এই কর্মসূচি শেষ করেন তারা।
আজ রোববার (২ আগস্ট ২০২৬) রাজধানীর শাহবাগ থানার সামনের সড়কে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন বিজ্ঞপ্তি জারি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
সরকারকে ধন্যবাদ জানিয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা রাস্তা পরিষ্কার করে শাহবাগ ত্যাগ করেন। এর আগে আগস্টের মধ্যে যোগদান ও পদায়নের দাবিতে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা।
এই আন্দোলনের কারণে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ছিল, যার ফলে শাহবাগ থেকে টিএসসি অভিমুখের ডান পাশের সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী নির্বাচিত হন। পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং প্রয়োজনীয় সনদ যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।