যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইডাহোর একটি ফাস্ট ফুড রেস্তোরাঁয় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। গতকাল শনিবারের এই রক্তক্ষয়ী ঘটনায় প্রাথমিকভাবে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আইডাহো অঙ্গরাজ্যের পুলিশ বেশ কয়েকজন হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও তাদের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করেনি। তবে জানা গেছে, এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।

টুইন ফলস শহরের পুলিশপ্রধান ম্যাথিউ হিকস জানান, 'ইন-অ্যান্ড-আউট বার্গার' নামক রেস্তোরাঁয় এই হামলা চালানো হয়েছে। হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণে বর্তমানে কাজ করছে কর্তৃপক্ষ। সাংবাদিকদের তিনি বলেন, "গুলি ছোড়ার সময় সেখানে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।"

অন্যদিকে, শহর কর্তৃপক্ষের মুখপাত্র জোশ পালমার জানিয়েছেন, গুলির ঘটনায় তিনজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। তবে হতাহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী রয়েছেন কি না, সে বিষয়ে তিনি কোনো নিশ্চিত তথ্য দেননি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রচারিত ভিডিও ফুটেজে রেস্তোরাঁর বাইরে দীর্ঘ বন্দুক হাতে এক তরুণকে দেখা গেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য একটি ভিডিওতে রেস্তোরাঁর বাইরে আতঙ্কিত মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়।

আইডাহো অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত টুইন ফলস শহরটি সল্ট লেক সিটি থেকে প্রায় ১৮০ মাইল বা ২৯০ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটিতে প্রায় ৫৬ হাজার মানুষের বসবাস।