গাজায় হামাসের অস্ত্র সমর্পণের বিনিময়ে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনিদের হাতে ক্ষমতা হস্তান্তরের শর্তাবলি নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইসরায়েলি রাজনৈতিক মহলের দাবি, গাজায় ‘প্রকৃত নিরস্ত্রীকরণ’ নিশ্চিত না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার করা সম্ভব নয়। একইসঙ্গে ইসরায়েলি সাধারণ জনগণও গাজায় কঠোর পদক্ষেপ গ্রহণের পক্ষে অবস্থান নিয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক জটিল রাজনৈতিক সংকটের মুখোমুখি। একদিকে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা এবং সামনে আসন্ন নির্বাচন, অন্যদিকে ডানপন্থী ভোটারদের প্রত্যাশা ও যুক্তরাষ্ট্রের চাপ—এই সবকিছুর মাঝে চুক্তিটি বাস্তবায়ন করা তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায়, তিনি শেষ পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার করবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।